হুতিদের সঙ্গে গোপন বৈঠকে মার্কিন কর্মকর্তারা, কী আলোচনা হলো
ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে ওমানে গোপন বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। একই সময়ে ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসে হুতিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র বৈঠকের তথ্য জানিয়েছে। ওমান সরকার বৈঠক আয়োজনে সহায়তা করেছে বলেও দুটি সূত্র জানিয়েছে।
মার্কিন জাহাজে হামলা না করার আশ্বাস
বৈঠকে হুতি প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, মার্কিন জাহাজে হামলা করার কোনো ইচ্ছা তাদের নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২৫ সালের যুদ্ধবিরতির প্রতিশ্রুতিতেও তারা বহাল থাকার কথা জানিয়েছে।
ইয়েমেনের একটি সূত্রের দাবি, হুতিরা ইসরায়েলি জাহাজ বা অন্যান্য বাণিজ্যিক জাহাজে হামলা না করার কথাও জানিয়েছে। তবে সৌদি আরবের জাহাজের ক্ষেত্রে তাদের অবস্থান ভিন্ন হতে পারে বলে ওই সূত্র জানিয়েছে।
বৈঠকে ছিলেন হুতিদের জ্যেষ্ঠ নেতারা
সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। হুতিদের পক্ষে মাসকাটে অবস্থানরত জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আবদুস সালাম উপস্থিত ছিলেন। আরেক জ্যেষ্ঠ নেতা আবদেলমালিক আল-আজিরিও বৈঠকে ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদের বিস্তার ঠেকানো যুক্তরাষ্ট্রের স্বার্থের অংশ।
হুতিদের সঙ্গে যোগাযোগের কথা ট্রাম্পের
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হুতিরা তাঁর প্রশাসনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের যুদ্ধে দূরে থাকার অনুরোধ করেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। তবে তিনি যোগাযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
ইরান যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আগামী মঙ্গলবার এ বৈঠক হতে পারে।
এদিকে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে সামরিক সহায়তা চেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওয়াশিংটন রিয়াদকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি ওই যুদ্ধে জড়াবে না।
ইয়েমেনের সংঘাত আবারও তীব্র
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের দীর্ঘ সংঘাত শুরু হয়। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সৌদি আরব ইয়েমেনের বন্দরগুলো অবরোধের ঘোষণা দেওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়।
এর জবাবে হুতিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর গত জুলাইয়ে আবার সংঘাত শুরু হয়।
অনুরূপ সংবাদ
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কোন স্তরে কত দাম
৩ ঘন্টা আগে
ঝটিকা মিছিলের পর ‘গুঁজা মোনাফ’ ও তার সহযোগী আটক
৩ ঘন্টা আগে
৪৭ বছরে গলেছে ১২.৫ ট্রিলিয়ন টন বরফ
৩ ঘন্টা আগে
এআই দিয়ে ছবি বানাতে এত পানি ও বিদ্যুৎ লাগে কেন?
৩ ঘন্টা আগে