আজ নতুন আইফোন আনছে অ্যাপল, অনলাইনে অনুষ্ঠান দেখবেন যেভাবে
নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচনের বড় আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির বিশেষ আয়োজন ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এ আয়োজনে নতুন আইফোনসহ অ্যাপলের বেশ কয়েকটি পণ্য উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
আসছে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স
এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে পারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। অ্যাপল আনুষ্ঠানিকভাবে নতুন ফোনগুলোর বৈশিষ্ট্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন মডেলে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে।
নতুন চিপ ব্যবহারের ফলে ফোনের গতি, তাপ নিয়ন্ত্রণ এবং ব্যাটারি ব্যবস্থাপনায় উন্নতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্যামেরায় বড় পরিবর্তনের সম্ভাবনা
আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায়ও নতুন প্রযুক্তি যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে। বিশেষ করে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা ব্যবহারের কথা শোনা যাচ্ছে।
এই প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বিভিন্ন আলো ও পরিবেশে ছবি তোলার মান আরও উন্নত হতে পারে।
বাড়তে পারে আইফোনের দাম
নতুন আইফোনের দাম নিয়েও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন উপকরণের দাম বাড়ার কারণে এবার আইফোন ১৮ প্রোর দাম আগের তুলনায় বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে মডেলটির সম্ভাব্য শুরুর দাম ১ হাজার ১৯৯ মার্কিন ডলার হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক দাম এখনো জানানো হয়নি।
প্রথম ভাঁজ করা আইফোনের ঘোষণা?
এবারের অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। বিভিন্ন প্রতিবেদনে সম্ভাব্য নাম হিসেবে ‘আইফোন আলট্রা’র কথা বলা হচ্ছে।
গুঞ্জন অনুযায়ী, বইয়ের মতো ভাঁজ করা যাবে ফোনটি। খোলা অবস্থায় এতে প্রায় ৭ দশমিক ৮ ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে এবং ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য প্রায় ৫ দশমিক ৩ ইঞ্চির বাইরের ডিসপ্লে থাকতে পারে।
ফোনটিতে ১২ গিগাবাইট মেমোরি ও এ২০ প্রো চিপ ব্যবহারের কথাও শোনা যাচ্ছে। তবে এসব তথ্য এখনো অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা নয়।
নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডস
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। অ্যাপল ওয়াচ সিরিজ ১২-তে স্বাস্থ্যসেবা ও সেন্সর প্রযুক্তিতে উন্নতি আসতে পারে।
এ ছাড়া অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর নকশায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন এয়ারপডস ৫-এ হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা যুক্ত হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অনলাইনে অনুষ্ঠান দেখবেন যেভাবে
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ পাবেন শুধু আমন্ত্রিত অতিথিরা। তবে বিশ্বজুড়ে দর্শকদের জন্য আয়োজনটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে অ্যাপল।
অ্যাপলের ওয়েবসাইটের পাশাপাশি তাদের ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপ থেকেও অনুষ্ঠানটি দেখা যাবে। বাংলাদেশ থেকে দর্শকেরা রাত ১১টা থেকে অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারবেন।
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কোন স্তরে কত দাম
৪ ঘন্টা আগে
ঝটিকা মিছিলের পর ‘গুঁজা মোনাফ’ ও তার সহযোগী আটক
৪ ঘন্টা আগে
৪৭ বছরে গলেছে ১২.৫ ট্রিলিয়ন টন বরফ
৪ ঘন্টা আগে
এআই দিয়ে ছবি বানাতে এত পানি ও বিদ্যুৎ লাগে কেন?
৫ ঘন্টা আগে