সংসদে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করায় জ্বালানি মন্ত্রীকে ‘স্টাডি’ করার পরামর্শ স্পিকারের
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ফাইল ও আনুষঙ্গিক বিষয় ‘স্টাডি’ (অধ্যয়ন) করার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদে যেকোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে তার বাস্তবতা ও আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখা উচিত।
গতকাল রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের পর মন্ত্রী ও স্পিকারের মধ্যে এই আলোচনা হয়।
রুমিন ফারহানার প্রশ্ন ও মন্ত্রীর ওপর ক্ষোভ
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি ও সার কারখানার গ্যাস সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তব চিত্র। জ্বালানি মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, মে মাসের প্রথম দিনের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপর আরও এক মাসের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস সরবরাহ করা হয়নি।" তিনি মন্ত্রীর কাছে সুনির্দিষ্টভাবে জানতে চান, কবে নাগাদ এই সার কারখানায় গ্যাস পাওয়া যাবে।
জ্বালানি মন্ত্রীর ব্যাখ্যা ও গ্যাসের সংকট
রুমিন ফারহানার প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার দাবিটি নাকচ করে দেন। তিনি বলেন, "১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটার সঙ্গে আমি একমত নই। উনি (রুমিন ফারহানা) বিদ্যুৎও চাচ্ছেন আবার ফার্টিলাইজারও চালাতে বলছেন। আমাদের তো গ্যাসের তীব্র সংকট আছে। বিদ্যুৎ উৎপাদন সচল রাখার জন্য প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে, সে কারণে সার কারখানায় এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।"
মন্ত্রী আরও যোগ করেন, "গ্যাসের অবস্থার উন্নতি হলে সরবরাহ দেওয়া হবে। গত ১৭ বছরে দেশে পর্যাপ্ত ড্রিলিং (খনন) করা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে ড্রিলিং শুরু করেছি। আশা করি দ্রুত গ্যাস পাব, তারপরে আশুগঞ্জসহ সব ফার্টিলাইজারে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।"
হস্তক্ষেপ ও স্পিকারের রুলিং
জ্বালানি মন্ত্রীর এই বক্তব্যের পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপর করেন এবং মন্ত্রীকে তাঁর আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। স্পিকার বলেন, "মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন মে'র প্রথম দিন থেকে গ্যাস যাবে। সেটি বোধ হয় পাওয়া যায়নি।"
এর পরপরই মন্ত্রীদের দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকার রুলিং বা পরামর্শ দেন:
"সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটার ড্রিলিং কিংবা যাবতীয় আনুষঙ্গিক বিষয় ভালোভাবে ‘স্টাডি’ করে তারপরে দেবেন।"
সংসদীয় বিশ্লেষকদের মতে, বাজেট অধিবেশনে স্পিকারের এমন মন্তব্য সরকারের অভ্যন্তরীণ সমন্বয় এবং সংসদে দেওয়া মন্ত্রীদের প্রতিশ্রুতির জবাবদিহিতাকে আরও জোরালো করবে।
অনুরূপ সংবাদ
ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
‘মানুষকে সেবা দেওয়ার হাসপাতাল নিজেই এখন আইসিইউতে’: সংসদে এমপি সানসিলা জেবরিন
স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত মন্তব্য ‘আপত্তিকর ও নতজানু’, প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের