গাজীপুরে গাছা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. তৌহিদ ইসলাম (২৪), পিতা মোখলেছুর রহমান, সাং- কলমেশ্বর কবরস্থান রোড, বোর্ডবাজার, গাজীপুর এবং শরিফুল ইসলাম রনি (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই যুবক গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তবে তাদের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে উদ্ধারকৃত মাদকের ঘটনার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাছা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
গাছা থানার ওসি ওহিদুজ্জামান জানান , মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা মাদকের বিস্তার রোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখার দাবি জানান।