ইরান-লেবানন ও ফিলিস্তিনের প্রতি অবস্থান অবিচল রাখার ঘোষণা হুথি প্রধানের
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল-মালিক আল-হুথি ইরান, লেবানন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের দেশের রাজনৈতিক ও সামরিক অবস্থান অবিচল রাখার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার (১৭ মে) এক বিশেষ বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রতিরোধ যোদ্ধা ইজ্জ এল-দিন আল-হাদ্দাদ (আবু সুহাইব) নিহত হওয়ার পর হুথি প্রধানের এই কড়া বার্তা এলো।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি ও মেহের নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হত্যাকাণ্ডকে ধারাবাহিক আগ্রাসনের অংশ দাবি
বার্তায় আল-হুথি বলেন, কমান্ডার আবু সুহাইবের এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ও নিরীহ জনগণের বিরুদ্ধে জায়নবাদী ইসরায়েলের চলমান ধারাবাহিক আগ্রাসনেরই একটি অংশ।
তিনি আরও বলেন, “এটি গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস অপরাধের আরেকটি স্পষ্ট উদাহরণ। এর মধ্যে রয়েছে নির্বিচার হত্যা, দীর্ঘমেয়াদি অবরোধ এবং পশ্চিম তীরের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের পাশাপাশি পবিত্র আল-আকসা মসজিদে ক্রমাগত হামলা ও অপবিত্রকরণ।”
অক্ষশক্তির প্রতি সংহতি ও বিজয়ের আশা
আনসারুল্লাহ নেতা স্পষ্ট করে জানান যে, ইয়েমেন গাজা এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশাপাশি ইরান, লেবাননের হিজবুল্লাহসহ অঞ্চলের অন্যান্য প্রতিরোধী জনগণের প্রতি তাদের সমর্থন ও সামরিক অবস্থান থেকে একচুলও নড়বে না।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রতি গভীর আস্থা প্রকাশ করে তিনি বলেন, “জায়নবাদী ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আল্লাহর দেওয়া বিজয়ে আমাদের আস্থা অত্যন্ত দৃঢ় ও অটল।”
তিনি বিশ্বের মুসলিম উম্মাহ ও প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, “শেষ পর্যন্ত এই জিহাদ ও প্রতিরোধ বিশ্বাসীদের কল্যাণেই আসবে। সময় দীর্ঘ হোক বা সংক্ষিপ্ত হোক, আল্লাহর চূড়ান্ত বিজয় অতি নিকটবর্তী।”
অনুরূপ সংবাদ
ইরান ইস্যুতে ত্রিমুখী সংকটে ট্রাম্প প্রশাসন: ওয়াশিংটনে ‘কৌশলগত অচলাবস্থা’
মেয়েরা বিয়েতে চুপ থাকলেই ‘সম্মতি’, বাল্যবিয়ে নিয়ে তালেবানের নতুন পারিবারিক আইন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন কৌশল, ফি আদায়ের ঘোষণায় ট্রাম্পের নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি