টালিউডে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির আসন্ন মেগা সিনেমা ‘দেশু৭’। নাম এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শক ও ভক্তদের মাঝে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে, এই প্রজেক্টের মাধ্যমেই টালিউড সুপারস্টার দেব প্রথমবারের মতো পরিচালকের আসনে বসতে চলেছেন। তবে এই মেগা প্রজেক্টের প্রস্তুতির মাঝেই ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে চোট পেয়েছেন ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
চোট পেয়েও ফুরফুরে মেজাজে শুভশ্রী
জানা গেছে, জিম ওয়ার্কআউটের পাশাপাশি নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যাডমিন্টন খেলেন শুভশ্রী। রোববার (১৭ মে) খেলতে গিয়েই অসাবধানতাবশত মুখে আঘাত পান তিনি।
পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, সাদা রঙের স্পোর্টস টি-শার্ট ও পনিটেল করা চুলে শুভশ্রী তাঁর মুখে আইস প্যাক চেপে ধরে আছেন। তবে চোট পাওয়ার বিষয়টি নিয়ে মোটেও ভেঙে পড়েননি তিনি, বরং বেশ হালকাভাবেই নিয়েছেন। ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, ‘Injuries during badminton is fun’ (ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও মজার)। ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন জনপ্রিয় গান ‘ভিডা লোকা’।
পূজায় আসছে ‘দেশু৭’
সবকিছু ঠিক থাকলে দেব-শুভশ্রী জুটির এই বহু প্রতীক্ষিত ‘দেশু৭’ সিনেমাটি আগামী দুর্গাপূজায় মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। পর্দায় এই সুপারহিট জুটির রসায়ন দেখার পাশাপাশি দেবের পরিচালনা দেখতে মুখিয়ে আছেন দর্শক। সিনেমাটিতে দেব ও শুভশ্রী ছাড়াও একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।
অন্যদিকে, ‘দেশু৭’-এর ব্যস্ততার মাঝেই দেব অভিনীত আরেকটি সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আগামী আগস্টে মুক্তি পেতে পারে। এই ছবিতে দেবের বিপরীতে স্ক্রিন শেয়ার করবেন রুক্মিণী মৈত্র।