বিশ্বকাপ ফাইনালে বিশ্বজয়ীদের মেলা: মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ‘হাফটাইম শো’। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের মধ্যাহ্ন বিরতিতে গান ও নৃত্যে মঞ্চ মাতাবেন বিশ্বের তিন জনপ্রিয় সঙ্গীত শক্তি— পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, ল্যাটিন সেনসেশন শাকিরা এবং বিশ্বনন্দিত কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)।
বৃহস্পতিবার (১৪ মে) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে এই মেগা লাইনআপের ঘোষণা দেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ফিফা সভাপতি জানান, এই আয়োজন কেবল বিনোদনের জন্য নয়; বরং সঙ্গীত ও ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের শিশুদের উন্নয়নের লক্ষ্য নিয়ে এটি করা হচ্ছে। এই শো থেকে প্রাপ্ত অর্থ 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এ প্রদান করা হবে, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলের প্রসারে কাজ করবে।
পুরো অনুষ্ঠানটির শৈল্পিক নির্দেশক বা কিউরেটর হিসেবে থাকছেন বিখ্যাত ব্যান্ড 'কোল্ড প্লে'-এর লিড সিঙ্গার ক্রিস মার্টিন। আমেরিকার জনপ্রিয় 'সুপার বোল' হাফটাইম শো-এর আদলে তৈরি এই আয়োজনটি ফুটবল বিশ্বকাপের বৈশ্বিক আবেদনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ম্যাডোনা (২০১২) এবং শাকিরা (২০২০) এর আগে সুপার বোলে পারফর্ম করার অভিজ্ঞতা থাকলেও, বিটিএস-এর জন্য এটি হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পারফর্ম করার এক বিরল সুযোগ।
ফিফা সূত্রে জানা গেছে, এই জাঁকজমকপূর্ণ কনসার্টের কারণে ফাইনাল ম্যাচের ১৫ মিনিটের প্রথাগত হাফটাইম বিরতি কিছুটা দীর্ঘ হতে পারে। তবে বিরতির সঠিক সময় কত হবে, তা পরবর্তীতে জানানো হবে।
এর আগে মেটলাইফ স্টেডিয়ামেই ক্লাব বিশ্বকাপ ফাইনালে পরীক্ষামূলকভাবে হাফটাইম শো আয়োজন করা হয়েছিল। যেখানে পিএসজিকে হারিয়ে চেলসির শিরোপা জয়ের ম্যাচে পারফর্ম করেছিলেন ডোজা ক্যাট ও জে. বেলভিনের মতো তারকারা।
এক নজরে ২০২৬ বিশ্বকাপ
-
আয়োজক: মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
-
অংশগ্রহণকারী দল: ৪৮টি (ইতিহাসের সর্বোচ্চ)।
-
মোট ম্যাচ: ১০৪টি।
-
ফাইনাল: ১৯ জুলাই, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি।
ফুটবল প্রেমীদের মতে, মেসি-রোনালদো পরবর্তী যুগে ফুটবলকে আরও গ্ল্যামারাস করতে ফিফার এই 'বিনোদন ও ক্রীড়া'র মেলবন্ধন একটি মাস্টারস্ট্রোক হতে যাচ্ছে।
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
৩ ঘন্টা আগে
৯ জেলায় নতুন এডিসি: ২০ মে’র মধ্যে যোগদানের নির্দেশ
১৪ ঘন্টা আগে