বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ভক্তদের চোখ এখন আজ রাতের দিকে। সোমবার দিবাগত রাত ২টায় ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আর এই দলেই সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়রের জায়গা হবে কি না, তা নিয়ে ফুটবল বিশ্বজুড়ে এখন টানটান উত্তেজনা। বলা যায়, আড়াই বছর পর আজ রাতেই নির্ধারণ হতে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ ভাগ্য।
পুরোপুরি ফিটনেসই দলে ফেরার মূল চাবিকাঠি
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন, অতীত রেকর্ড বা আবেগ দেখে নয়, বরং মাঠে পুরোপুরি ফিট এবং ভালো পারফর্ম করতে পারলেই কেবল বিশ্বকাপ দলে বিবেচনায় আসবেন নেইমার।
গতকাল সান্তোসের ম্যাচ শেষে নিজের ভাগ্য কোচের ওপর ছেড়ে দিয়ে সাংবাদিকদের নেইমার বলেন, ‘আমি দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত আনচেলত্তিই নেবেন। তবে আমি এই সুযোগটি পাওয়ার জন্যই গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি। যদি শেষ পর্যন্ত আমি নির্বাচিত নাও হই, তাহলেও আমি একজন সাধারণ সমর্থক হিসেবে গ্যালারিতে বা টিভির সামনে বসে ব্রাজিলের জন্য গলা ফাটাব।’
সান্তোসের দাবি: স্কোয়াডেই থাকছেন নেইমার
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর এসিএল (ACL) ইনজুরিতে পড়ার পর থেকে দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে আছেন নেইমার। তবে তাঁর শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর সাম্প্রতিক সময়ে লিগে দারুণ ফর্ম এবং গোল করার ক্ষমতা চিত্রটা অনেকটাই বদলে দিয়েছে।
ব্রাজিলিয়ান প্রথম সারির সংবাদমাধ্যম ‘ইউওএল’ (UOL) সান্তোসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, সান্তোস কর্তৃপক্ষ ইতোমধ্যেই নিশ্চিত তথ্য পেয়েছে যে, সোমবার আনচেলত্তির ঘোষিত চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে আল-হিলাল ও সান্তোসের এই ফরোয়ার্ডের নাম থাকছে।
নেইমারের জনপ্রিয়তার প্রশংসা করে কোচ আনচেলত্তিও ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘নেইমার ড্রেসিংরুমে সবার খুব প্রিয়। সে দলে থাকলে দলের ভেতর কোনো অশান্তি তৈরি হবে না, বরং তরুণদের আত্মবিশ্বাস বাড়বে।’
এস্তেভাওয়ের চোটে কপাল খুলছে নেইমারের!
ব্রাজিলের তরুণ সেনসেশন এস্তেভাও উইলিয়ান হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সেলেসাওদের আক্রমণভাগে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। এই চোটই নেইমারের ফেরার পথকে আরও সুগম করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপীয় ফুটবলের গুঞ্জন রয়েছে, নেইমারকে স্কোয়াডে জায়গা দিতে গিয়ে হয়তো বাদ পড়তে পারেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তবে দীর্ঘদিন পর দলে ফিরলেও নেইমারকে শুরু থেকেই মূল একাদশে না খেলিয়ে ‘সুপার সাব’ বা বদলি খেলোয়াড় হিসেবে ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশি ব্যবহার করতে পারেন ডাগআউটের মাস্টারমাইন্ড আনচেলত্তি।
ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে সর্বকালের সর্বোচ্চ ৭৯ গোল করে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাওয়া নেইমার কি পারবেন তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি রাঙাতে? উত্তর মিলবে আজ রাতেই।
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
১ দিন আগে