সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান
বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়; এটি মানুষের মৌলিক অধিকার।
রোববার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর প্লেনারি আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ মেলার আয়োজন করে।
বাড়ির কাছেই চিকিৎসাসেবা পৌঁছানোর তাগিদ
ডা. জুবাইদা রহমান বলেন, অনেক রোগী শারীরিক অবস্থা জটিল হওয়ার পর বিশেষায়িত হাসপাতালে যান। স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না থাকায় তাঁদের দূর-দূরান্তে যেতে হয়।
তাঁর মতে, দেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগী কিংবা হাম আক্রান্ত শিশুদের পরিবারের যেন চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
রোগ জটিল হওয়ার আগেই শনাক্তের ওপর গুরুত্ব
উচ্চতর চিকিৎসাসেবা দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে রোগ ও স্বাস্থ্যঝুঁকি গুরুতর হওয়ার আগেই তা শনাক্ত করতে হবে।
তিনি বলেন, প্রতিটি স্ক্রিনিং কর্মসূচির সঙ্গে রোগ নির্ণয়, পরামর্শ, চিকিৎসা, ওষুধ, পর্যবেক্ষণ ও প্রয়োজন হলে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকা প্রয়োজন।
রক্ত ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান
দেশে স্বেচ্ছায় রক্তদান থেকে শুরু করে নিরাপদ রক্ত সংগ্রহ, সংক্রামক রোগের পরীক্ষা, রক্তের উপাদান পৃথকীকরণ, সংরক্ষণ ও পরিবহনের জন্য একটি জাতীয়ভাবে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জুবাইদা রহমানের মতে, এ ক্ষেত্রে উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে উদ্ভাবন বলতে শুধু ব্যয়বহুল যন্ত্র বা নতুন অ্যাপ তৈরি করাকেই বোঝায় না।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ স্বাস্থ্য, ওষুধ ও বেসরকারি স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
১০ ঘন্টা আগে
সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
১১ ঘন্টা আগে
অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষ-লুটপাটে জড়িত: স্পিকার
১১ ঘন্টা আগে