কারিনা চলে যাবে এটার জন্য প্রস্তুত ছিলাম না, ও আমার জীবনের সবচেয়ে বড় অর্জন: ডানা
তরুণ ও প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যুতে পুরো বিনোদন অঙ্গন যখন স্তব্ধ, তখন প্রিয় বন্ধুকে হারিয়ে কিছুতেই চোখের জল ধরে রাখতে পারছেন না আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। কারিনার মৃত্যুর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসজল চোখে ডানা জানান, কারিনাকে নিজের জীবনে পাওয়াটাই ছিল তাঁর অন্যতম বড় ভাগ্য।
‘মাত্র ১০ দিনে সবকিছু এদিক-ওদিক হয়ে গেল’
কান্নাজড়িত কণ্ঠে ডানা বলেন, “আমার জীবনে সবচেয়ে বড় অর্জন ছিল কারিনার মতো মানুষকে পাশে পাওয়া। আমি কখনো স্বপ্নেও চিন্তা করি নাই যে কারিনা আসলে আমাদের মাঝে এত অল্প সময়ের জন্য আসছিল। মাত্র ১০ দিনের ব্যবধানে আমার মনে হচ্ছে আমাদের জীবনের সবকিছু এদিক থেকে ওদিক হয়ে গেছে। আমি হয়তো জীবনের অনেক কঠিন পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছিলাম, কিন্তু কারিনা আমাদের সবাইকে ছেড়ে এত দ্রুত চলে যাবে—এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।”
‘ওর মতো ভালো মানুষ কতটা রেয়ার, তা সবাই জানে’
কারিনার অমায়িক ব্যক্তিত্ব ও বিশাল হৃদয়ের কথা স্মরণ করে ডানা বলেন, “যারা ওর সাথে একটাবারের জন্যও মিশেছে, তারা খুব ভালো করেই জানে ওর মতো ভালো মনের মানুষ বর্তমান যুগে কতটা রেয়ার (বিরল)। ও ছোট থেকে ছোট মানুষকেও অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করত, প্রশংসা করত এবং আগলে রাখত। কেউ যদি ওকে কোনো বিষয়ে সতর্কও করত, ও খালি মৃদু হেসে বলতো—‘আমার তো সবার জন্যই মায়া লাগে, আমার তো ভালো লাগে’। ও নিজের জীবনটা এভাবেই কাটাতে চেয়েছিল। সবসময় হাসিখুশি থাকত, জীবন নিয়ে ওর কোনো বড় আফসোস বা খারাপ লাগা ছিল না।”
প্রতিযোগিতার বাজারেও ছিলেন অনন্য ‘সোলমেট’
একই ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং পর্দার পেছনের গল্প জানিয়ে ডানা বলেন, “আমরা যে কনটেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রিতে কাজ করি, এখানে কাজের সূত্রে কত রকমের হিংসা-প্রতিযোগিতা থাকে। কিন্তু কারিনার মনে এই সবের বিন্দুমাত্র ছোঁয়া ছিল না। আমার কোনো ভিডিওতে বেশি ভিউ আসলে ও নিজে সবার আগে দৌড়ে এসে আমাকে আনন্দের সাথে জানাত—‘ডানা, তোমার ভিডিওতে অনেক ভিউ আসছে!’ আমাকে নিয়ে সমাজ বা অনলাইনে কেউ খারাপ কথা বললে কারিনা সেখানে গিয়ে যুদ্ধ করে আমাকে ডিফেন্ড করত; আবার কেউ আমার প্রশংসা করলে সেখানে গিয়ে তাকে ধন্যবাদ জানাত। গত কয়েক বছর ধরে কারিনাকে সত্যিই আমার ‘সোলমেট’ মনে হয়েছে। আমার পুরো জীবনে কেউ আমাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেনি বা প্রশংসা করেনি।”
‘যারা ওকে চিনতে পারে নাই, এটা তাদের দুর্ভাগ্য’
বক্তব্যের শেষ পর্যায়ে এসে চরম আক্ষেপ প্রকাশ করে ডানা বলেন, “ওর মতো একটা নিষ্পাপ আর ভালো মানুষের এই কঠিন দুনিয়াতে অনেক বেশি দরকার ছিল। সৃষ্টিকর্তা ওকে তুলে নিলেন। এখন এটাই আমার বড় আফসোস যে, যারা ওকে জীবদ্দশায় চিনতে পারে নাই, এটা পুরোপুরি তাদের দুর্ভাগ্য। ও যেখানেই থাকুক, ভালো থাকুক। আমি আর কিছু বলতে পারছি না।”
কারিনা কায়সারের এই অকাল প্রয়াণে তাঁর ভক্ত-অনুরাগী এবং বিনোদন অঙ্গনের সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করছেন।
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
১ দিন আগে