যবিপ্রবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষককে অব্যাহতি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের এক ছাত্রীকে শিক্ষা সফরে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
ইএসটি বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত প্রভাষক মো. মনিরুল ইসলামকে বিভাগের সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে কোনো ব্যাচের শিক্ষা সফরের (Study Tour) দায়িত্ব তাকে না দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ জানান, বিভাগ তাদের বক্তব্য ও সিদ্ধান্ত লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে।
ঘটনাটির অধিকতর ও নিরপেক্ষ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি ‘যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত কমপ্লেইন্ট কমিটি’র কাছে হস্তান্তর করেছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, “আমরা মেইলে নির্দেশনা পেয়েছি। সাপ্তাহিক ছুটির পর শনিবার কমিটির সদস্যদের নিয়ে সভা করা হবে। প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে আমরা দ্রুত তদন্ত কাজ শুরু করবো।”
জানা যায়, ইএসটি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাম্প্রতিক একটি শিক্ষা সফরে ওই ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে প্রভাষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে গত ৯ মে একটি ৫ সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কমিটির প্রাথমিক প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বর্তমান পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।
এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হননি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
বুয়েটসহ ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর মশাল মিছিল ও ঘেরাও
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক ইমরান
ঢাবির প্রক্টরিয়াল টিমে রদবদল: সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার পদত্যাগ
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
৫ ঘন্টা আগে
৯ জেলায় নতুন এডিসি: ২০ মে’র মধ্যে যোগদানের নির্দেশ
১৫ ঘন্টা আগে