Wednesday, 29 April 2026

ব্রেকিং নিউজ:

গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

জাতীয় April 29, 2026 08:00 AM ৩১ দর্শক
গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। রাষ্ট্রের সব নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার, এবং অসচ্ছল মানুষের বিচারপ্রাপ্তি সহজ করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, “ন্যায়বিচার শুধু আদালতের বিষয় নয়, এটি একটি মানবিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি।” তিনি বলেন, সমাজে সমতা, পারস্পরিক আস্থা ও সহমর্মিতা ছাড়া ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।

তিনি আরও বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং রাষ্ট্র সেই অধিকার বাস্তবায়নে কাজ করছে। সরকারের লক্ষ্য হলো অর্থের অভাবে কেউ যেন বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত না হয়।

লিগ্যাল এইড কার্যক্রমের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মামলা শুরুর আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে বহু বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তি সম্ভব হয়েছে।

তিনি বলেন, “ন্যায়বিচারে বিলম্ব মানেই বিচার অস্বীকার।” এ বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইড সেবাকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ের নেতৃত্ব ভূমিকা রেখেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় অবদান রেখেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিগ্যাল এইড কার্যক্রমকে এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আইনমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয় এবং ব্র্যাককে লিগ্যাল এইড কার্যক্রমে অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়।

অনুরূপ সংবাদ