জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
মামলার বাদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে এই মামলা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত তারিখে তিনি উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চের একটি বক্তব্যকে কেন্দ্র করে। ওইদিন মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় সেই বক্তব্যের সমালোচনা করে তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা।
এ ঘটনায় পরবর্তীতে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতেই আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল