গণভোটের রায় কার্যকরের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। জোটটি আগামী ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে। পাশাপাশি দেশজুড়ে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, গত নির্বাচনে বিপুলসংখ্যক মানুষ গণভোটের পক্ষে মত দিলেও সরকার তা বাস্তবায়নে বিলম্ব করছে। তার অভিযোগ, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে।
মামুনুল হক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যে সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশগুলো ঐক্যমতের ভিত্তিতে তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু পাস না করার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, এটি জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং “জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী”।
ঘোষিত কর্মসূচি
জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
- ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন
- ৯ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী দেশজুড়ে গণসংযোগ কার্যক্রম
- ১১ এপ্রিল সব মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
- ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি
- ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (মুক্তিযোদ্ধা হল)-এ জাতীয় সেমিনার
মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে তারা সরে আসবেন না এবং এ লক্ষ্যেই ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশে জ্বালানি সংকটের কারণে জনজীবনে ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে বাতিল হওয়া আইনের অপব্যবহার করে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে মিয়া গোলাম পরওয়ার-সহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০