Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

জাতীয় December 2, 2025 04:50 PM ১৮৫ দর্শক
তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ট্রাভেল পাস চাইলে তা ইস্যু করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

একই সময়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে এ বিষয়ে সরকার সহযোগিতা করবে।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তিনি এখনো ট্রাভেল পাসের আবেদন করেননি।

এদিকে খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী মেডিকেল বোর্ডের পরামর্শ নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া তাকে বিদেশে নেওয়া সম্ভব নয়।

ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, তারেক রহমান নিয়মিতভাবে চিকিৎসার বিষয়টি তদারকি করছেন। পাশাপাশি সরকার, প্রধান উপদেষ্টা ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

চিকিৎসকদের তথ্যমতে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার নিউমোনিয়া শনাক্ত হয় এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে এইচডিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

অনুরূপ সংবাদ