Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

খালেদা জিয়ার জন্য দোয়া করা নৈতিক ও ঈমানি দায়িত্ব: গোলাম পরওয়ার

জাতীয় December 1, 2025 12:26 PM ৫১ দর্শক
খালেদা জিয়ার জন্য দোয়া করা নৈতিক ও ঈমানি দায়িত্ব: গোলাম পরওয়ার

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করাকে নৈতিক, ঈমানি ও রাজনৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াতের আমিরের পক্ষ থেকে তারা সেখানে এসেছেন। দেশের রাজনীতিতে জামায়াতের সঙ্গে খালেদা জিয়ার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং গণতন্ত্রের আন্দোলনে উভয়ে একসঙ্গে রাজপথে সংগ্রাম করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। দলের পক্ষ থেকে আমরা তার জন্য দোয়া করেছি। দেশবাসীর প্রতি আমাদের আহ্বান—তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব।”

জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেক্রেটারি জেনারেল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেন এবং সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা–১৭ আসনের জামায়াত প্রার্থী এস এম খালিদুজ্জামান।

এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

অন্যদিকে একই রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোনো আপস করেননি এবং তার রাজনৈতিক সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

রাশেদ খাঁন আরও বলেন, আপস না করার কারণেই তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার ফলেই খালেদা জিয়া কঠিন শারীরিক অবস্থার মধ্যে পড়েছেন।

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরও দোয়া অব্যাহত রয়েছে।

অনুরূপ সংবাদ