Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

আওয়ামী লীগ ছাড়াই জাতীয় নির্বাচন হবে: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় November 30, 2025 08:58 PM ৬৬ দর্শক
আওয়ামী লীগ ছাড়াই জাতীয় নির্বাচন হবে: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার একটি নির্দিষ্ট পথেই এগোচ্ছে এবং এতে কোনো দলের অংশগ্রহণ না থাকলেও প্রক্রিয়া থেমে থাকবে না।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত আনার বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক স্থবির হয়ে যাবে না। কারণ, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমাত্রিক এবং কেবল একটি বিষয়ের ওপর নির্ভরশীল নয়।

তৌহিদ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ার পর শেখ হাসিনাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ সরকার, যাতে তার বিরুদ্ধে কার্যকর করা যায় আদালতের রায়। তবে বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ভেঙে পড়বে— এমন ধারণা সঠিক নয়।

দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো প্রসঙ্গে তিনি বলেন, তিস্তার পানি বণ্টন বা সীমান্ত হত্যা— এসব ইস্যু শেখ হাসিনাকে ফেরত আনার বিষয় থেকে আলাদা। একটির সঙ্গে আরেকটি শর্তযুক্ত নয়। বাংলাদেশের স্বার্থ রক্ষায় সরকার প্রতিটি বিষয়েই আলাদাভাবে চেষ্টা চালিয়ে যাবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ভারতে আছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তার প্রত্যর্পণ নিয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পৃথিবীর খুব কম সীমান্তেই এমন ঘটনা ঘটে, যেখানে যুদ্ধাবস্থা না থাকার পরও নিয়মিত প্রাণহানি হয়। বাংলাদেশ এ বিষয়ে বরাবরের মতোই নিন্দা জানিয়ে আসছে এবং ভবিষ্যতেও জানাতে থাকবে।

অনুরূপ সংবাদ