Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস November 27, 2025 12:03 PM ১৫৭ দর্শক
গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নির্বাচিত জিএস গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

তিনি জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগ পর্যালোচনার পর সিন্ডিকেট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেলে সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর আগে চলতি বছরের ৪ সেপ্টেম্বর জালিয়াতির মাধ্যমে এমফিল প্রোগ্রামে ভর্তি হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট তার ভর্তি সাময়িকভাবে বাতিল করে। পাশাপাশি বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, একই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৯ এপ্রিলও তার এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করেছিল সিন্ডিকেট।

এ ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের বিচার সংক্রান্ত একটি আবেদন যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়।

এই আবেদনে ডাকসুর জিএস প্রার্থী মো. রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সানাউল্লাহ হক অভিযোগ উত্থাপন করেন। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন ও প্রমাণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুরূপ সংবাদ