Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

ক্ষমতার রাজনীতিতে নোংরামি থাকেই, শান্তির পথেই ভবিষ্যৎ: মির্জা ফখরুল

জাতীয় November 26, 2025 10:17 AM ৫৮ দর্শক
ক্ষমতার রাজনীতিতে নোংরামি থাকেই, শান্তির পথেই ভবিষ্যৎ: মির্জা ফখরুল

মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা ও রাজনীতির সঙ্গে সংঘাত ও সহিংসতার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, “ক্ষমতার রাজনীতিতে নোংরামি থাকবে—এটাই বাস্তবতা। ইতিহাসেও তা দেখা যায়। তবে যতটা সম্ভব সহনশীলতা, শান্তি ও ভালোবাসার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ হবে।”

প্রধান অতিথির বক্তব্যে তিনি এও আশা প্রকাশ করেন, কোনো ধরনের অস্থিরতা ছাড়াই ২০২৬ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংহত করার আহ্বান জানান।

বর্তমান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে সরকার ছয়টি কমিশন গঠন করেছে। এর মধ্যে অন্যতম প্রস্তাব হিসেবে দুই কক্ষবিশিষ্ট সংসদব্যবস্থার কথা উঠে এসেছে। তিনি জানান, এ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। পাশাপাশি একজন প্রধানমন্ত্রী যেন দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে না পারেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও ঐকমত্য রয়েছে।

ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়েছে; তবুও দেশের জনগণের পাশেই থেকেছেন। ৭৮ বছর বয়সে এসে তিনি মনে করেন, এটি তার শেষ নির্বাচন হতে পারে। তিনি বলেন, নতুন প্রজন্মের চিন্তা ও ভাষা বুঝে রাজনৈতিক সমন্বয় ঘটানোই সময়ের দাবি।

রাজনীতিতে সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, “আর কতদিন সংঘাত, আর কতদিন বিদ্বেষ? এখন দরকার ঐক্য ও সহযোগিতা।” তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি তাকে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলার অনুরোধ করেন। জবাবে তিনি বলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার বাংলাদেশ গড়াই এখন লক্ষ্যে পরিণত হওয়া উচিত।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুরূপ সংবাদ