তা'মীরুল মিল্লাতে ছাত্রশিবিরের উদ্যোগে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরন অনুষ্ঠান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার উদ্যোগে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার (টঙ্গী) আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক আনন্দঘন ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টায় টঙ্গীর স্থানীয় এক মিলনায়তনে ‘জ্ঞানের শিখরে উঠুক নবজাগরণের গান, তোমাদের হাতে শতাব্দী ফিরে পাক প্রাণ’ শীর্ষক স্লোগানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ড. আব্দুর রব: উপাচার্য, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অধ্যাপক জামাল উদ্দিন: আমির, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী , ড. হেফজুর রহমান: অধ্যক্ষ, তামীরুল মিল্লাত কামিল মাদরাসা (টঙ্গী) , আমিরুল ইসলাম: কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "আলিম স্তরের এই দুই বছর প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের গতিপথ নির্ধারণের এক বিশেষ মুহূর্ত। সাফল্যের ক্ষেত্রে কেবল মেধা নয়, ৯৫ শতাংশ অবদান রাখে কঠোর শৃঙ্খলা ও ধারাবাহিক অধ্যবসায়।" তিনি শর্টকাট পরামর্শের পরিবর্তে মূল বই পাঠের গুরুত্ব আরোপ করেন এবং কোনো প্রকার হীনমন্যতায় না ভুগে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে মেধার সমন্বয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, বিগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তামীরুল মিল্লাতের ২০৩ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির ৫৭ জন সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এবং ৩ জন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।
পরিশেষে নবীন শিক্ষার্থীদের মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অঙ্গীকার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুরূপ সংবাদ
তানজিমুল উম্মাহ অ্যালামনাই এসোসিয়েশন ও ইবনেসিনার সাথে কর্পোরেট চুক্তি সাক্ষর
২০ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, মধ্যরাতে ডাকা হলো অ্যাম্বুলেন্স
নিকাব পরিহিত শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন