অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: আবদুস সালাম
পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি কথা বলেছেন, তারাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে বাস্তবে পরিবেশের ‘১২টা বাজিয়ে গেছেন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি অভিযোগ করেন, তারা ঢাকা শহরকে বিগত ১৮ মাসে প্রায় ১৮ বছর পিছিয়ে দিয়েছেন।
রোববার (১৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত “সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ণ” শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমন্বয়হীনতায় প্রকট নাগরিক সংকট
আবদুস সালাম বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে ট্রাফিক জট, হকার সংকট, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তিনি বলেন, “বলাটা সহজ, কিন্তু কার্যকর করাটা অনেক কঠিন। তবে আমাদের প্রধানমন্ত্রী কঠিনকে সহজভাবে নিয়ে কাজ করেন এবং ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কাজ না করলে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটে পড়বে।”
রাস্তা খোঁড়াখুঁড়ি ও খাল উদ্ধার
সমন্বয়ের অভাবে একই রাস্তা বারবার কাটার সমস্যার কথা উল্লেখ করে প্রশাসক জানান, এই সংকট সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে টেলিফোন, ইন্টারনেট ও ক্যাবল লাইন একসঙ্গে আন্ডারগ্রাউন্ডে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি পুরো ঢাকায় সম্প্রসারণ করা হবে।
আরও পড়ুন : সব মামলায় জামিন বহাল, আইভীর কারামুক্তিতে বাধা নেই
ঢাকার জলাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ঢাকার খাল ও জলপথ নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনে বড় সংকট তৈরি হয়েছে। নদীপথ ও রেলপথ উন্নত করা গেলে সড়কের ওপর চাপ অনেক কমানো সম্ভব হতো এবং পরিবেশও রক্ষা পেত।
মশার লার্ভা ও ডেঙ্গু প্রতিরোধে হুঁশিয়ারি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইতোমধ্যে ১৫ দিনব্যাপী জরিপ কার্যক্রম শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে ভাঙা টেলিভিশনের কাভার ও ভাঙা পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে। নিজেদের বাড়িতে মশার ফ্যাক্টরি তৈরি করে পরে সিটি করপোরেশনকে দোষ দিলে হবে না।”
তিনি স্পষ্ট জানান, ঢাকা শহরকে রক্ষা করতে হলে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের। জনগণ সচেতন হলে দুই বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব।
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কোরবানির প্রস্তুতি
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে জানিয়ে আবদুস সালাম বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আসন্ন কোরবানি ঈদে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশন কাজ করবে বলে তিনি নিশ্চিত করেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৃথিবীর সবচেয়ে আবর্জনাযুক্ত শহর হিসেবে ঢাকার নাম শুনতে আমাদের ভালো লাগে না। সবাই মিলে কাজ করলে ঢাকার পরিবর্তন সম্ভব।”
সংলাপে উপস্থিত ছিলেন যারা
বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া পরিবেশবিদ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
অনুরূপ সংবাদ
সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা: আশিক চৌধুরী
কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদ মন্ত্রী
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে