জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর মশাল মিছিল ও ঘেরাও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসে বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে বুধবার রাতে প্রক্টর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন দুই সহস্রাধিক শিক্ষার্থী।
গতকাল রাত ১০টার দিকে ছাত্রী হল এলাকা থেকে ‘সাধারণ নারী শিক্ষার্থী’দের ব্যানারে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। মিছিলটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়ে যোগ দেন। মশাল মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে এক বিশাল সমাবেশে রূপ নেয়।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ এবং ‘প্রক্টরের পদত্যাগ চাই’ সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান প্রক্টর প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, এই প্রশাসনের মেয়াদে বারবার সহিংস ঘটনা ঘটলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রক্টর অফিস ঘেরাওয়ের পর শিক্ষার্থীরা পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং ভবনটি ঘেরাও করে রাখেন। সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযুক্তের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রদান করেন। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
এই উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে প্রক্টর বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার শিথিলতা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
জেনে নিন কেন ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে
১৪ ঘন্টা আগে
মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন
১৫ ঘন্টা আগে
হাসি ও কান্না: ইসলামের দৃষ্টিতে মুমিনের জীবনদর্শন
১৫ ঘন্টা আগে