রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: পুলিশি অভিযানে এক কর্মী আটক
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে নাজমুল ইসলাম মোহন (২৪) নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মোহন ওই গ্রামের আবুল হোসেন মাস্টারবাড়ির নজরুল ইসলামের ছেলে। দলীয় কোনো পদ-পদবি না থাকলেও তিনি এলাকায় ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
ব্যানারে কেন্দ্রীয় নেতার নাম
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই’। ব্যানারের নিচে আয়োজক হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম লেখা ছিল।
মিছিল চলাকালে নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে ছোট একটি জটলা নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা যায় তাদের।
পুলিশের ভাষ্য
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। এরই প্রেক্ষিতে মোহনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, “আটককৃতের বিরুদ্ধে কেবল মিছিল নয়, আরও একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
হঠাৎ তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাসে তোলপাড়
৩ ঘন্টা আগে
তেলের বাজারে বড় পরিবর্তনের আভাস
২ দিন আগে