Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

রাজনীতি December 6, 2025 10:02 AM ৬৮ দর্শক
গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

গণতন্ত্রবিরোধী পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান লেখেন, ৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এ দিনই স্বৈরশাসনের অবসান ঘটে। তিনি উল্লেখ করেন, ১৯৮২ সালের ২৪ মার্চ বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে হুসেইন মোহাম্মদ এরশাদ অসাংবিধানিক শাসন জারি করেন এবং গণতন্ত্র হত্যা করেন।

তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে স্বৈরশাসক এরশাদ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করেছিলেন।

তারেক রহমান লেখেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে দীর্ঘ নয় বছর আপোষহীনভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি দুর্বার গণআন্দোলনের নেতৃত্ব দেন। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র মুক্ত হয়।

তিনি বলেন, সেই গণতন্ত্রের চেতনায় অনুপ্রাণিত হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা আবারও একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে। তার ভাষায়, ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগ গণতন্ত্রের অন্যতম প্রধান শত্রুতে পরিণত হয়েছিল।

তারেক রহমান আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশনেত্রী খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামুখী নির্যাতন চালানো হয়। এসব নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তার জীবন বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। দলের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন এবং দেশের বিরুদ্ধ পরিস্থিতির কথাও তিনি তুলে ধরেন।

সবশেষে তিনি বলেন, ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের এই স্মরণীয় দিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুরূপ সংবাদ