একটি মহল দলের বিরুদ্ধে হামলা ও বাধার চেষ্টা করছে এটি এম আজহারের হুশিয়ারী
ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত গণসমাবেশে দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বর্তমানে জামায়াতের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে। এই সমর্থন দেখেই একটি মহল দলের বিরুদ্ধে হামলা ও বাধার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তবে এসব তৎপরতায় জামায়াতকে দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অম্বিকা ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দল হিসেবে জামায়াত অতীতেও নানা চাপের মুখে পড়েছে। দাবি করেন, তারা অনেক নেতাকে হারালেও আদর্শ থেকে সরে আসেনি। তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামীর নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, বরং রাজনৈতিক ও নৈতিক সংস্কারের নির্বাচন। তাঁর মতে, দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলগুলো দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছে। তিনি বলেন, দেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
আইন ও শাসন ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, মানবসৃষ্ট আইনের সীমাবদ্ধতার কথাও চিন্তা করতে হবে এবং ধর্মীয় মূল্যবোধের আলোকে সমাজ পরিচালনার কথা তিনি উল্লেখ করেন।
নারীদের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, নারীদের কাজ বা সমাজে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। তার দাবি, জামায়াত নারীদের শালীনতা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করার পক্ষেই কাজ করে।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে তিনি বলেন, যারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে, তারাই আজ সংকটকালে জনগণকে অসহায় অবস্থায় রেখে গেছে। অন্যদিকে জামায়াতের নেতারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কে তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনে জনগণ বিভ্রান্ত হতে পারে। এ কারণে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তিনি।
গণসমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এ সময় ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের পরিচয় তুলে ধরা হয় এবং সমর্থন চাওয়া হয়।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল