জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে অনুষ্ঠিত স্বাগত প্রাতরাশ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি অন্যান্য বিশ্বনেতার সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।
এদিন সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে গুরুত্ব
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি পার্শ্ব-অনুষ্ঠানেও অংশ নেবেন। সেখানে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরার কথা রয়েছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন বৈঠকে বাংলাদেশকে জলবায়ুঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয় গুরুত্ব পাবে।
২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এটি জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে তাঁর প্রথম অংশগ্রহণ।
ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় উঠে আসতে পারে।
সফরকালে বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচিও রয়েছে।