দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বাড়ল, নতুন হার কার্যকর ২০২৮ থেকে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। কর্মচারীদের গ্রেড ও চাকরির মেয়াদের ভিত্তিতে নতুন হারে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। পরে ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ২০ আগস্ট নির্ধারিত ঝুঁকি ভাতার হার সংশোধন করে নতুন হার নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স ও গ্রেড অনুযায়ী ভাতার পরিমাণে ভিন্নতা রাখা হয়েছে।
নতুন হারে ১০ম গ্রেডের কর্মচারীরা চাকরির বয়স পাঁচ বছর বা এর কম হলে মাসে ৩ হাজার ২৪০ টাকা ঝুঁকি ভাতা পাবেন। আগে এই ভাতার পরিমাণ ছিল ২ হাজার ৭০০ টাকা। ১১তম গ্রেডে নতুন ভাতা ২ হাজার ৬৪০ টাকা এবং ১২তম গ্রেডে চাকরির মেয়াদ অনুযায়ী নির্ধারিত হয়েছে বিভিন্ন হার। ১৩তম গ্রেডে পাঁচ বছর বা এর কম চাকরির ক্ষেত্রে ভাতা হবে ২ হাজার ২৮০ টাকা।
এ ছাড়া ১৪তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্যও চাকরির বয়সভেদে নতুন ভাতা নির্ধারণ করা হয়েছে। ১৪তম গ্রেডে সর্বনিম্ন ২ হাজার ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৪ হাজার ৫৬০ টাকা, ১৫তম গ্রেডে ২ হাজার ৪০ টাকা থেকে ৪ হাজার ৮০ টাকা, ১৬তম গ্রেডে ১ হাজার ৯২০ টাকা থেকে ৩ হাজার ৮৪০ টাকা, ১৭তম গ্রেডে ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং ১৮তম গ্রেডে ১ হাজার ৬৮০ টাকা থেকে ৩ হাজার ৩৬০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা পাওয়া যাবে।
১৯তম গ্রেডের কর্মচারীদের জন্য চাকরির বয়স অনুযায়ী নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৬০ টাকা থেকে ৩ হাজার ২৪০ টাকা পর্যন্ত। আর ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার ৪৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ১২০ টাকা পর্যন্ত।
অনুরূপ সংবাদ
এসএসসির পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪০৮৫, নতুন জিপিএ–৫ পেল ৩০৭৯ জন
সরকারি নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ছে, সরকারের যুক্তি ও ঝুঁকি
৩ ধাপে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, প্রথম ধাপে ৪৫ হাজার ৭০০