কয়েকজন কর্মকর্তার অপরাধের দায় পুরো র্যাব নিতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদী শাসনামলে কিছু কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর দায় পুরো বাহিনীর ওপর পড়তে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১৮ মে) দুপুরে র্যাব সদরদফতরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠান নয়, দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে
বিগত সরকারের আমলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপব্যবহারের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যা ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি—সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মাত্র কয়েকজন কর্মকর্তার অপকর্ম বা ব্যক্তিগত ‘অ্যাক্টিভিটিস’-এর দায়ভার পুরো প্রতিষ্ঠান নিতে পারে না।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “বর্তমানে ওই সমস্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আইনেই দোষী অফিসারদের বিচার ও আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় অনুশাসন দিয়েছি। কারণ আমরা মনে করি, ব্যক্তি অপরাধী হতে পারে কিন্তু প্রতিষ্ঠান দায়ী না।”
মার্কিন নিষেধাজ্ঞা ও নাম পরিবর্তনের ভাবনা
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমেরিকা যে সময় র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই সময় বাহিনীটি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল যা মূলত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখন আমরা যদি একটি এলিট ফোর্স হিসেবে সম্পূর্ণ নতুন নামে একে পুনর্গঠন করি, তবে হয়তো মার্কিন প্রশাসন তাদের দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে।”
তবে বাহিনীর নাম পরিবর্তন হচ্ছে কি না, তা এখনই নিশ্চিত করেননি মন্ত্রী। তিনি জানান, “নতুন নাম হবে কি না তা এখনো চূড়ান্ত ঠিক হয়নি, সরকার বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে চিন্তা-ভাবনা করছে।”
জবাবদিহিতার আওতায় থাকবে এলিট ফোর্স
স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, সংস্কারের মাধ্যমে র্যাবকে যে রূপেই রূপান্তর করা হোক না কেন, বাহিনীটির আইনি ক্ষমতা ও পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ভবিষ্যৎ এলিট ফোর্স হিসেবে এর প্রতিটি কর্মকাণ্ডের জন্য উচ্চমানের জবাবদিহিতা থাকবে, যাতে অতীতে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই না ঘটে।
অনুরূপ সংবাদ
১৭ দিনেই এলো ২১৭ কোটি ডলারের রেমিট্যান্স, ভাঙতে পারে অতীতের সব রেকর্ড
নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত নতুন কমিটি
শাপলা চত্বর অপারেশনের সব ফুটেজ ট্রাইব্যুনালে দিচ্ছে ইসলামিক টিভি, সাক্ষী হতে পারেন সাংবাদিকরা
মিড-ডে মিলে অনিয়ম দেখলেই ব্যবস্থা: ববি হাজ্জাজের ৫ দফা নির্দেশনা, তদন্ত কমিটি গঠন
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
১ দিন আগে