যুক্তরাজ্যে সফল ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতি পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর অ্যালিসন জে ক্রস। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
হৃদযন্ত্রে গুরুতর ব্লক ও সফল এনজিওপ্লাস্টি
চিকিৎসকের পরামর্শক্রমে যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৯ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি। সফরকালে গত ১২ মে কেমব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়।
পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে একটি গুরুতর ব্লক ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। মেডিকেল বোর্ড জানিয়েছে, বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
প্রবাসেও সচল ছিল দাপ্তরিক কাজ
যুক্তরাজ্যে চিকিৎসাধীন ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অবস্থান করলেও রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কাজ স্থবির ছিল না। প্রবাসে থেকেই তিনি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ ও সরকারি নথিপত্র পর্যালোচনা এবং অনুমোদন নিশ্চিত করেছেন।
সুদানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
এই চিকিৎসাকালীন সফরের মধ্যেই লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুরূপ সংবাদ
১৭ দিনেই এলো ২১৭ কোটি ডলারের রেমিট্যান্স, ভাঙতে পারে অতীতের সব রেকর্ড
নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত নতুন কমিটি
শাপলা চত্বর অপারেশনের সব ফুটেজ ট্রাইব্যুনালে দিচ্ছে ইসলামিক টিভি, সাক্ষী হতে পারেন সাংবাদিকরা
মিড-ডে মিলে অনিয়ম দেখলেই ব্যবস্থা: ববি হাজ্জাজের ৫ দফা নির্দেশনা, তদন্ত কমিটি গঠন
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
১ দিন আগে