মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং সঠিক পরিকল্পনা নিশ্চিত করা গেলে হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে চলতি বছরের হজ যাত্রার সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
হজযাত্রীদের অন্যতম বড় ব্যয় বিমানের টিকিটের কথা উল্লেখ করে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন:
“আগামী ২০২৭ সালে হজ যাত্রার বিমানের টিকিটমূল্য কমে ১ লাখ টাকায় নেমে আসবে। এর পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য পুরোপুরি কমানো গেলে হজের মোট প্যাকেজ খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।”
সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবারের হজ ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, “খুবই দ্রুততম সময়ের মধ্যে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি এবং তাঁবু নির্বাচনের মতো জটিল কাজগুলো করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সব চ্যালেঞ্জ মাথায় নিয়েও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস এবং হাবের যৌথ সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করা গেছে।”
তবে সৌদি আরব সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় বেশ কিছু নতুন নিয়ম ও সিদ্ধান্ত যুক্ত করার কারণে বাংলাদেশের বিদ্যমান ‘হজ ও ওমরাহ আইন’ সংস্কার করার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে জানান হাব নেতারা।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এই বিশেষ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি সকল হজযাত্রীদের নিরাপদে সৌদি আরবে পাঠানোর প্রক্রিয়া সফলভাবে এগিয়ে চলছে।