তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় রোববার (১০ মে) সকাল ১০টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। শনিবার রাজ্যপালের কার্যালয় 'লোকভবন' থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জোটের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত
গত সোমবার ঘোষিত নির্বাচনের ফলাফলে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার ছুঁতে তাঁর আরও কিছু সমর্থনের প্রয়োজন ছিল।
টানা পাঁচ দিনের রাজনৈতিক তৎপরতা ও আলোচনার পর আজ বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থন জানায়। এই দুই দলের ৪টি আসন যুক্ত হওয়ায় বিজয়ের নেতৃত্বাধীন জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে। এছাড়া বামপন্থী দলগুলোও (সিপিআই ও সিপিআই-এম) তাদের সমর্থনপত্র জমা দিয়েছে।
রাজ্যপালের সঙ্গে বৈঠক ও আমেজ
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর আজ বিজয়ী দল ও জোটের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দিয়ে তিনি সরকার গঠনের দাবি জানালে রাজ্যপাল তাঁকে আমন্ত্রণ জানান। এই শপথ অনুষ্ঠানের জন্য রাজ্যপাল তাঁর নির্ধারিত কেরালা সফরও বাতিল করেছেন।
সমর্থন নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টিভিকে সদর দপ্তরে উৎসবের আমেজ শুরু হয়। বিজয় তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “উল্লাস শুরু করো।”
রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে, যা গতানুগতিক দ্বিমুখী রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, থালাপতি বিজয় নির্বাচনে দুটি আসন থেকে জয়ী হয়েছেন। সংসদীয় নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আগামীকালকের এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ বিশ্ব মা দিবস
৫ ঘন্টা আগে
ঝড়ের ঝুঁকিতে একাধিক জেলা, আবহাওয়া অফিসের সতর্কতা
৭ ঘন্টা আগে
রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি
৭ ঘন্টা আগে
মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ
১৭ ঘন্টা আগে
আবু ত্বহা আদনান-সারার সম্পর্কে আবারও ভাঙনের ইঙ্গিত
২২ ঘন্টা আগে
মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ
১৭ ঘন্টা আগে