সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় তবে সহযোগিতা করা হবে, কিন্তু দেশের সামান্যতম ক্ষতি হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা
বর্তমান সংসদ ও রাজনৈতিক পরিবেশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “সরকারের ভুল ধরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ভালো কাজ করলে আমরা পাশে আছি, কিন্তু দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে আমরা নীরবে বসে থাকব না। আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব। এটাই হবে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কাজ।” তিনি আরও উল্লেখ করেন যে, জাপানের কাছেও বর্তমান সংসদ বিগত সময়ের চেয়ে ব্যতিক্রম ও কার্যকর মনে হচ্ছে।
জাপানে ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রস্তাব
সফরের অর্জন তুলে ধরে জামায়াত আমির জানান, বাংলাদেশে ক্যান্সারের উন্নত চিকিৎসার অভাব দূর করতে তিনি জাপান সরকারকে একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “আমাদের দেশে দক্ষ জনবলের অভাবে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। কেবল হাসপাতাল নয়, যদি ইনস্টিটিউট হয় তবে আমাদের চিকিৎসকদের উচ্চশিক্ষার পথ খুলে যাবে। জাপান সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছে।”
থাইল্যান্ডে জুলাই যোদ্ধাদের পরিদর্শন
জাপান থেকে ফেরার পথে থাইল্যান্ডে যাত্রাবিরতি দিয়ে সেখানে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের খোঁজখবর নেন বিরোধীদলীয় নেতা। তিনি জানান, বর্তমানে সেখানে ৬৪ জন জুলাই যোদ্ধা চিকিৎসাধীন রয়েছেন, যাদের কেউ কেউ দীর্ঘ ১০-১১ মাস ধরে সেখানে অবস্থান করছেন।
ডা. শফিকুর রহমান বলেন, “মানবিক ও রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে আমি তাদের দেখতে গিয়েছিলাম। তাদের সাহস ও আত্মত্যাগ অতুলনীয়।” তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলে আহতদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
জাপানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক
জাপান বাংলাদেশকে নিয়ে ইতিবাচক চিন্তা করে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল যেভাবে সরকারের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা করছে, তাতে জাপান বাংলাদেশের প্রতি সৌহার্দ্য ও বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী। এই ধারা অব্যাহত থাকলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুরূপ সংবাদ
বাজেট অধিবেশনের পরেই মন্ত্রিসভার আকার বাড়ছে: আলোচনায় একঝাঁক হেভিওয়েট নেতা
১৭ বছরের তরুণের ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পেলেন তামিম ইকবালসহ ১৫ গুণী ব্যক্তিত্ব
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
হঠাৎ তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাসে তোলপাড়
৩ ঘন্টা আগে
তেলের বাজারে বড় পরিবর্তনের আভাস
২ দিন আগে