Wednesday, 06 May 2026

ব্রেকিং নিউজ:

চতুর্থ দিনে ডিসি সম্মেলন, চলছে গুরুত্বপূর্ণ আলোচনা

জাতীয় May 6, 2026 11:47 AM ৪০ দর্শক
চতুর্থ দিনে ডিসি সম্মেলন, চলছে গুরুত্বপূর্ণ আলোচনা

রাজধানীতে চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ ও শেষ দিনে আজ যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে ডিসিদের একটি গুরুত্বপূর্ণ যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ক্রীড়া অবকাঠামোর সঠিক ব্যবহার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।

মাঠের পবিত্রতা রক্ষা ও সংস্কার:

বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, এখন থেকে দেশের কোনো জেলা স্টেডিয়ামের মাঠ মেলা, সার্কাস বা অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, “মাঠ খেলার জন্য, মেলা বা অন্য কোনো উৎসবের জন্য নয়। মাঠের পবিত্রতা ও মান রক্ষা করতে হবে।” এছাড়া তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে জরাজীর্ণ জেলা স্টেডিয়াম ও সুইমিংপুলগুলো দ্রুত সংস্কার করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

যুব কর্মসংস্থান:

মাঠ পর্যায়ের যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকদের সাথে একটি কার্যকর সংযোগ (কানেক্টিভিটি) তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা যেন সহজে ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান করতে পারে, ডিসিরা তা তদারকি করবেন।

ভাতাভোগীদের তালিকা হালনাগাদ:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বিগত সময়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত হকদারদের কাছে পৌঁছায়নি। দুর্নীতির কারণে অনেক স্বচ্ছল মানুষ ভাতা পেত আর দুস্থরা বঞ্চিত থাকতো।”

এই অনিয়ম দূর করতে ভাতাভোগীদের তালিকা সম্পূর্ণ নতুন করে হালনাগাদ করার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। এ লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করেছে সরকার। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত নিশ্চিত করা হয়।

সম্মেলনের শেষ দিন:

আজ বিকেলেই চার দিনব্যাপী এই জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চার দিনে বিভিন্ন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে সরকারের লক্ষ্য বাস্তবায়নে ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রদান করেছে।

অনুরূপ সংবাদ