Sunday, 19 April 2026

ব্রেকিং নিউজ:

“নীরব দর্শক হব না”—জামায়াত আমিরের জোরালো বার্তা

জাতীয় April 18, 2026 03:58 PM ২২ দর্শক
“নীরব দর্শক হব না”—জামায়াত আমিরের জোরালো বার্তা

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংকটের সময় নিষ্ক্রিয় না থেকে তা সমাধানে এগিয়ে আসাই তাদের অগ্রাধিকার।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত একটি শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদে হামের চিকিৎসায় আইসিইউ সুবিধা নিয়ে প্রশ্ন তুললে বলা হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে একজন চিকিৎসক হিসেবে তার অভিজ্ঞতা থেকে তিনি দাবি করেন, বাস্তবে অধিকাংশ জায়গায় কার্যকর আইসিইউ সুবিধা নেই। তার মতে, আইসিইউ চালাতে প্রয়োজন প্রশিক্ষিত বিশেষজ্ঞ ও উপযুক্ত অবকাঠামো, যা এখনও অনেক ক্ষেত্রে গড়ে ওঠেনি।

দেশের স্বাস্থ্যখাতের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি হলেও সেই অনুপাতে জনবল, অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তার মতে, একটি দেশের উন্নয়নের জন্য শিক্ষিত ও সুস্থ জনগোষ্ঠী অপরিহার্য।

এদিকে, রাজধানীর আসাদগেট এলাকায় একটি তেলের পাম্প পরিদর্শন শেষে জ্বালানি সংকট নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, জ্বালানি সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। জনগণের ভোগান্তির বিষয়টি সংসদে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জ্বালানি সংকট থাকলে তা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা জরুরি।

অনুরূপ সংবাদ