প্রবাসীদের তিনটি মোবাইল আনার সুযোগ দিয়েছে সরকার: ড. আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার প্রবাসীদের জন্য মোবাইল ফোন আনার ক্ষেত্রে কোনো কঠোরতা আরোপ করেনি; বরং পূর্বের তুলনায় সুযোগ আরও বাড়িয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মিথ্যা বনাম সত্য’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে প্রবাসীরা নিজ ব্যবহৃত ফোনের পাশাপাশি মাত্র একটি নতুন ফোন আনতে পারতেন। বর্তমান সরকার প্রবাসীদের সুবিধার্থে সেই সীমা বাড়িয়ে দুটি নতুন ফোন করার অনুমতি দিয়েছে। অর্থাৎ এখন একজন প্রবাসী নিজের ব্যবহৃত ফোনসহ মোট তিনটি ফোন দেশে আনতে পারবেন। তবে দুটি নতুন ফোনের বেশি আনলে অতিরিক্ত ফোনের জন্য শুল্ক দিতে হবে।
তিনি আরও জানান, এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যান। অন্যান্য যাত্রীদের জন্য আগের নিয়মই বহাল থাকবে।
ফোন রেজিস্ট্রেশন নিয়ে গুজব প্রসঙ্গে তিনি বলেন, কেবল প্রবাসীদের জন্য আলাদা কোনো রেজিস্ট্রেশন আইন করা হয়নি। বরং আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে যে–কেউ নতুন মোবাইল সেট ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটি নিবন্ধন করতে হবে। এই নিয়ম প্রবাসী ও দেশের ভেতরে থাকা সকল নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য।
আইন করার উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, অবৈধ মোবাইল সেট ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন চাঁদাবাজি, হুমকি, অপহরণ, জুয়া ও প্রতারণা নিয়ন্ত্রণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কাউকে হয়রানির জন্য নয়, বরং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।
গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. আসিফ নজরুল প্রবাসীদের উদ্দেশে বলেন, মিথ্যা তথ্য ছড়ানো ও অপপ্রচার ইসলামের দৃষ্টিতেও বড় গুনাহ। তিনি বলেন, কিছু ব্যক্তি মিথ্যাচার করে এমন তথ্য ছড়াচ্ছে যে প্রবাসীরা নাকি দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে