Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে মামলা

জাতীয় December 7, 2025 06:19 PM ৩২৩ দর্শক
অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে আদালতে মামলা হয়েছে। এ মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশ (ডিবি)-কে দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ শেষে তদন্তের এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথিতে বলা হয়েছে, দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী মুসলমান এবং তাদের কাছে ধর্মীয় অনুশীলন অত্যন্ত সংবেদনশীল বিষয়। অভিযোগে উল্লেখ করা হয়, রোজা মুসলমানদের কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইবাদত, আর সনাতন ধর্মাবলম্বীদের পূজা ভিন্ন ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। এই দুই বিষয়কে এক কাতারে এনে তুলনা করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শামিল বলে অভিযোগে দাবি করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, সম্প্রতি DSN নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিওতে মোহাম্মদ শিশির মনির ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং এতে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

আদালত মামলায় প্রাথমিকভাবে অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

অনুরূপ সংবাদ