মালয়েশিয়া কীভাবে শিক্ষা হাব হলো, বাংলাদেশকেও সে শিক্ষা নিতে হবে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশকে শিক্ষা হাবে পরিণত করতে মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে তাঁদের জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চীনা দূতাবাস আয়োজিত ‘ঢাকা চায়না ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
‘ব্রেন ড্রেইন’ উল্টো দিকে ফেরানোর কথা
আ ন ম এহছানুল হক মিলন বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে আরও বিনিয়োগ করতে হবে। দেশের মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ‘ব্রেন ড্রেইন’ বা মেধা পাচারের প্রবণতাকে উল্টো দিকে ফেরাতে হবে।
তিনি বলেন, একসময় মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করতে আসতেন। বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যাচ্ছেন। মালয়েশিয়া কীভাবে শিক্ষা হাবে পরিণত হয়েছে, বাংলাদেশকেও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।
চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ
শিক্ষামন্ত্রী বলেন, চীনের উন্নয়ন থেকেও বাংলাদেশ শিক্ষা নিতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ তৈরিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ খাতের উন্নয়নে চীনের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মতো বাংলাদেশেও শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তৃতীয় ভাষা শেখানোর ওপরও গুরুত্ব
বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ তৈরির বিষয়েও কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। এ ক্ষেত্রে চীন সহযোগিতা করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শিক্ষা জাতির সাফল্যের চাবিকাঠি। তাই শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য শামস রহমান বক্তব্য দেন।
অনুরূপ সংবাদ
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান