তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: ডা. জাহেদ
জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো নির্দিষ্ট শর্ত বা চাপ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইএমএফের শর্ত নিয়ে যা বললেন জাহেদ
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে আইএমএফের কোনো শর্ত যুক্ত আছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ সিদ্ধান্তের সঙ্গে আইএমএফের কোনো নির্দিষ্ট শর্তের সম্পর্ক নেই।
তবে আইএমএফের মৌলিক নীতির মধ্যে সরকারের অতিরিক্ত ভর্তুকি না দেওয়ার বিষয়টি রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমানোর বিষয়টি সরকার দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই দেখছে।
আন্তর্জাতিক বাজার নিয়েও বক্তব্য
আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এই পতন খুব বেশি নয় এবং তা দীর্ঘস্থায়ী হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট, হরমুজ প্রণালি নিয়ে ঝুঁকি, সৌদি আরবের তেল রপ্তানিতে সম্ভাব্য বাধা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল স্থাপনায় হামলার মতো ঘটনাগুলো ভবিষ্যতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে বলেও জানান তিনি।
ভর্তুকির চাপের কথা তুলে ধরলেন
জাহেদ উর রহমান বলেন, সরকারকে একই সঙ্গে জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা খাতেও ব্যয় করতে হচ্ছে। ফলে সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন খাতের ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন।
জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হওয়ার বিষয়টিও তিনি স্বীকার করেন। একই সঙ্গে নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা, ওএমএস ও অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সহায়তা দেওয়ার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান।
অনুরূপ সংবাদ
নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর
নৈরাজ্য বরদাশত করা হবে না: রুহুল কবির রিজভী
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান