ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা শেষ করতে চায় বিশেষ কমিটি
আগামী ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষ করার আশা করছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি। ইতোমধ্যে সংশ্লিষ্টদের মতামত নেওয়ার পাশাপাশি প্রতিবেদন তৈরির কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি এসব তথ্য জানান।
২৬ রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ
জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল বিশেষ কমিটি। তবে আমন্ত্রিত সব দল বৈঠকে অংশ নেয়নি। বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দল এই প্রক্রিয়ায় অংশ নেয়নি।
সালাহউদ্দিন আহমদ বলেন, পর্যায়ক্রমে জুলাই সনদ প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তি, সাবেক বিচারক, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হবে। তাঁদের মতামত ও পরামর্শ বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন প্রস্তুত করবে।
জুলাই সনদের পাশাপাশি অন্যান্য প্রস্তাবও বিবেচনা
কমিটির সভাপতি জানান, জুলাই জাতীয় সনদের বাইরেও সংবিধান সংশোধন বিষয়ে কোনো পরিপূরক প্রস্তাব এলে সেগুলো পরামর্শ হিসেবে বিবেচনা করা হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধনসংক্রান্ত যেসব অঙ্গীকার রয়েছে, সেগুলোও পর্যালোচনায় রাখা হবে।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। কমিটি প্রতিবেদন সংসদে দেওয়ার পর আইন মন্ত্রণালয় সংশোধনী বিল আকারে তা সংসদে উপস্থাপন করবে। এরপর সংসদে বিলটি নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে।
অংশগ্রহণ নিয়ে ভিন্নমত
বিশেষ কমিটির কার্যক্রমে বিরোধী দলসহ কয়েকটি রাজনৈতিক দলের অংশ না নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রক্রিয়াটি একপাক্ষিক নয় এবং যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি বা নিবন্ধিত-অনিবন্ধিত অন্য রাজনৈতিক দলও আলোচনায় অংশ নিতে চাইলে কমিটির দরজা খোলা রয়েছে। কেউ লিখিত মতামত দিলে সেটিও বিবেচনা করা হবে।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের সরকারি উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। দলটির নেতারা গণভোটে অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
ডিসেম্বরের মধ্যে আলোচনার লক্ষ্য
সালাহউদ্দিন আহমদ জানান, বিভিন্ন পক্ষের মতামত গ্রহণের পাশাপাশি কমিটি ইতোমধ্যে প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। আলোচনা ও পরামর্শ গ্রহণের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করার লক্ষ্য রয়েছে। এরপর তা সংসদে উপস্থাপন করা হবে।
অনুরূপ সংবাদ
জামায়াত আমির ও নাহিদ কি নির্বাচনে পাস করেছিলেন, প্রশ্ন রাশেদ খানের
এনবিআর সংস্কারে বিএনপির অবস্থান বদল নিয়ে প্রশ্ন হাসনাতের
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার