মাঝপথে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল রাষ্ট্র সংস্কার আন্দোলন
সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদে জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ কমিটির এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
মাঝপথে সভা থেকে বেরিয়ে যান প্রতিনিধিরা
বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দুই প্রতিনিধি অংশ নেন। পরে সভা চলাকালে তাঁরা বেরিয়ে যান। দলটির সভাপতি হাসনাত কাইয়ুম সাংবাদিকদের বলেন, মতবিনিময়ে আমন্ত্রণ জানানোর জন্য তাঁরা বিশেষ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদে তাঁরা সভা বর্জন করেছেন।
হাসনাত কাইয়ুমের ভাষ্য অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। ওই সময়সীমা বিবেচনায় নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
বিরোধী দলগুলোরও আপত্তি
সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির কার্যক্রমে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিয়েও ভিন্নমত রয়েছে। বিরোধী পক্ষের অবস্থান হলো, জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন।
অন্যদিকে সরকারের অবস্থান হচ্ছে, বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সংশোধন আনার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বিশেষ কমিটি রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে সুপারিশ প্রস্তুত করছে।
মতামত নিচ্ছে বিশেষ কমিটি
গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় রোববার রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়।
বিশেষ কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে সভায় অংশ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল। তবে সরকারবিরোধী কয়েকটি দল এই মতবিনিময়ে অংশ নেয়নি।
অনুরূপ সংবাদ
জামায়াত আমির ও নাহিদ কি নির্বাচনে পাস করেছিলেন, প্রশ্ন রাশেদ খানের
এনবিআর সংস্কারে বিএনপির অবস্থান বদল নিয়ে প্রশ্ন হাসনাতের
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার