‘একদল শুধু খাই খাই জিকিরে ব্যস্ত’: বগুড়ায় জামায়াতের আমির
দেশের সাধারণ মানুষ নানা সংকটে রয়েছে দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কৃষকের কাছে সার নেই, পেটে ভাত নেই, যুবকদের কর্মসংস্থান নেই এবং মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। অন্যদিকে ‘একদল শুধু খাই খাই জিকিরে ব্যস্ত’ বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে বগুড়ার শেরপুরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, বেকারত্ব ও সামাজিক নিরাপত্তাহীনতায় দিশেহারা। কৃষি খাত সংকটে রয়েছে এবং যুবসমাজ কর্মসংস্থানের অভাবে হতাশ। একই সঙ্গে দেশের আর্থিক খাত নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন করতে হবে। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবিও তুলে ধরেন তিনি।
জামায়াতের আমির বলেন, জনগণের দাবির প্রতি সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে আন্দোলনের প্রয়োজন থাকবে না। তবে দাবি বাস্তবায়ন না হলে আট দফা কর্মসূচি ভবিষ্যতে এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। পরে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।
অনুরূপ সংবাদ
দিনাজপুরে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মশাল মিছিল
১৫ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে’: জামায়াত আমির
১৭ ঘন্টা আগে