উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে লংমার্চ সফল করব: গোলাম পরওয়ার
কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তাঁর ভাষ্য, কর্মসূচিতে কোনো বাধা বা আঘাত এলেও প্রতিশোধের পরিবর্তে শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করাকে গুরুত্ব দেওয়া হবে।
লংমার্চের প্রস্তুতি সম্পন্ন
গোলাম পরওয়ার জানান, ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চের রুটে থাকা জেলা ও মহানগর শাখাগুলো প্রস্তুতি নিয়েছে। শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে গাড়িবহর রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কথা রয়েছে। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।
‘আঘাত এলেও প্রতিশোধ নয়’
লংমার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে গোলাম পরওয়ার ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কেউ ক্ষতিগ্রস্ত করলেও বা আঘাত করলেও প্রতিশোধ নেওয়ার চেয়ে কর্মসূচি সফল করাকে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
এবারের ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত হয়েছে বলে জানান গোলাম পরওয়ার। ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠকে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে এ দাবি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কোনো দ্বিধা থাকলে তা দূর করে কূটনৈতিক চ্যানেলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।
যেসব দাবিতে লংমার্চ
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।
সহযোগিতা চাইলেন বিভিন্ন পক্ষের
লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে উল্লেখ করে সরকার, প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন গোলাম পরওয়ার।
গণমাধ্যমকর্মীদেরও কর্মসূচি কাভারে সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি। তাঁর ভাষ্য, গণমাধ্যমের গাড়িগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৮০ বছর করার সিদ্ধান্ত
২২ ঘন্টা আগে
জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
২২ ঘন্টা আগে