হাতিয়ায় জেলেদের জালে ৭ মণ ওজনের বিক্রিনিষিদ্ধ শাপলাপাতা মাছ
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় সাত মণ ওজনের বিশাল আকৃতির একটি শাপলাপাতা মাছ। মাছটির ওজন ২৮০ কেজি। পরে এটি হাতিয়ার ঐতিহ্যবাহী চেয়ারম্যানঘাটে এনে প্রায় ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।
বুধবার বিকেলে মাছটি চেয়ারম্যানঘাটে আনা হলে সেটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয় একটি মৎস্য আড়ত থেকে মাছটি কিনে নিয়ে ঘাটেই কেটে টুকরা করে বিক্রি করা হয়।
ভাসানচরের কাছে জালে ধরা পড়ে
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার ভাসানচরের কাছাকাছি মেঘনা নদীতে একদল জেলে ‘চরঘেরা’ জাল ফেলেন। বিকেলের দিকে ওই জালেই বিশাল আকৃতির শাপলাপাতা মাছটি আটকা পড়ে।
পরদিন মাছটি বিক্রির জন্য চেয়ারম্যানঘাটে নিয়ে আসা হয়। সেখানে জামাল মেম্বারের মৎস্য আড়তে ডাকের মাধ্যমে প্রায় ৯০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।
পরে ক্রেতা মাছটি ঘাটেই কেটে টুকরা করে স্থানীয় বাসিন্দাদের কাছে বিক্রি করেন।
শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, শাপলাপাতা মাছ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর আওতায় সংরক্ষিত। আইন অনুযায়ী সংরক্ষিত এসব প্রজাতি শিকার, সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও বাজারজাত করা নিষিদ্ধ।
চেয়ারম্যানঘাটে উপস্থিত স্থানীয় বাসিন্দা আবদুল বারী বলেন, শাপলাপাতা মাছ ধরা আইনত দণ্ডনীয় হলেও জেলেরা বিষয়টি জানতেন বলে তাঁর মনে হয়নি।
কয়েকটি প্রজাতি মহাসংকটাপন্ন
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) তথ্য অনুযায়ী, বিশ্বে শাপলাপাতা মাছের ১৬টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে পাওয়া যায় ৮ থেকে ১০টি প্রজাতি। এর মধ্যে দুটি প্রজাতি মহাসংকটাপন্ন এবং তিনটি সংকটাপন্ন হিসেবে বিবেচিত।
পিতাম্বরী বা নাঙলা এবং ঘণ্টি শাপলাপাতা মাছকে মহাসংকটাপন্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। পান্ন্যা, শিংচোয়াইন ও ঠোট্ট্যা ঘাপরি প্রজাতিকে সংকটাপন্ন বলা হয়েছে।
মৎস্য কর্মকর্তার বক্তব্য
জেলা মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, শাপলাপাতা মাছ ধরা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সরাসরি নিষিদ্ধ নয়। তবে বন্য প্রাণী ও বন আইনে এটি বিপন্ন বা বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত থাকায় ধরা ও বিক্রি নিষিদ্ধ।
এ বিষয়ে নোয়াখালী উপকূলীয় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৮০ বছর করার সিদ্ধান্ত
২৩ ঘন্টা আগে
জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
২৩ ঘন্টা আগে