ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল ইসলামের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিজিবি ক্যাম্পের সীমান্ত পিলার ৩৪০/৩-এস এলাকার শূন্যরেখায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হয়।
সীমান্তে পতাকা বৈঠক
মরদেহ হস্তান্তরের আগে রোববার সকাল ১১টা ও সন্ধ্যা ৬টার দিকে রামনা-চান্দোহর সীমান্তের পিলার ৩৩৩/২-এস এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মুইনের নেতৃত্বে বিজিবির প্রতিনিধিদল এবং ভারতের চাদগাঁও বিএসএফ ক্যাম্পের কমান্ডার সূরিয়া পালের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন।
পরিবারের কাছে মরদেহ হস্তান্তর
নিহত আসাদুল ইসলাম (৩৫) পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
মরদেহ হস্তান্তরের সময় বিজিবির পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মুইন, বৈরচুনা বিজিবি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম এবং পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএসএফের পক্ষে চাদগাঁও ক্যাম্পের কমান্ডার সূরিয়া পালসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিজিবি মরদেহটি নিহতের স্ত্রী ও চাচাতো ভাইয়ের কাছে হস্তান্তর করে।
সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় মরদেহ হস্তান্তরের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।