জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে নতুন গঠিত কোনো কমিটির সভাপতির পদেই বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি। মঙ্গলবার জাতীয় সংসদে এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের পর তা ভোটে পাস হয়।
এ নিয়ে সংসদের মোট ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ৪৫টির গঠন সম্পন্ন হলো। এর মধ্যে ৩৬টি মন্ত্রণালয়–সম্পর্কিত এবং ৯টি বিষয়ভিত্তিক কমিটি। এখন পর্যন্ত শুধু সরকারি হিসাব–সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের একজন সদস্য রয়েছেন।
যে পাঁচ কমিটি গঠন হলো
নতুন গঠিত পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা হলেন—
-
সমাজকল্যাণ মন্ত্রণালয়: নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান
-
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন
-
রেলপথ মন্ত্রণালয়: খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার
-
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এসএম রফিকুল ইসলাম।
এর মধ্যে মো. শাহজাহান বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব–সম্পর্কিত কমিটিরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটিতে প্রতিমন্ত্রী-হুইপদের সদস্য করা নিয়ে স্পিকারের আপত্তি
কমিটি গঠনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিমন্ত্রী ও হুইপদের অন্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
স্পিকার বলেন, সংসদীয় কমিটির চেয়ারম্যান সাধারণত বেসরকারি সদস্যদের মধ্য থেকে হওয়ার কথা এবং সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী সদস্য হিসেবে থাকেন। কিন্তু কয়েকটি কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপের মতো উচ্চপদস্থ ব্যক্তিদের সদস্য করা হয়েছে। ভবিষ্যতে কমিটি গঠনের সময় বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য তিনি চিফ হুইপকে অনুরোধ করেন।
৪৫টি স্থায়ী কমিটি গঠন
জাতীয় সংসদে মন্ত্রণালয়–সম্পর্কিত ৩৯টি এবং বিষয়ভিত্তিক ১১টি—সব মিলিয়ে স্থায়ী কমিটি রয়েছে ৫০টি। মঙ্গলবারের পাঁচটি কমিটি যুক্ত হওয়ার পর এখন পর্যন্ত ৪৫টি কমিটি গঠিত হয়েছে।
এ ছাড়া কমিটি গঠনের প্রক্রিয়ায় এখন পর্যন্ত চারজন সরকারদলীয় হুইপকে চারটি সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকেও স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।