কাওরান বাজারে দিনে ৩ কোটি টাকার চাঁদাবাজি: সংলাপে জামায়াত ও বিএনপি এমপির তুমুল বাহাস
রাজধানীর কাওরান বাজারে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকার চাঁদাবাজি হয় এবং সেখানকার কয়েকটি পাইকারি মুরগির দোকান থেকেই মাসে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
অন্যদিকে, সরকারি দল বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহ্মুদা হাবীবা জামায়াত এমপির এই দাবিকে ‘ঢালাও অভিযোগ’ হিসেবে অভিহিত করে সুনির্দিষ্ট নামসহ সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই নিয়ে সংলাপে দুই আইনপ্রণেতার মধ্যে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় ও বাহাস চলে।
গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট-২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক প্রাক-বাজেট সংলাপে অংশ নিয়ে এই দুই সংসদ সদস্য দ্বন্দ্বে জড়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
‘আমি তো চাঁদাবাজি এরিয়ার এমপি’
সংলাপে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (ক্যাব) সভাপতি এএইচএম সফিকুজ্জামান মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম কমানোর লক্ষ্যে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দেন। তাঁর এই কথার সূত্র ধরে দ্রব্যমূল্য বাড়ার পেছনে চাঁদাবাজির প্রভাব নিয়ে কথা বলার অনুরোধ জানান জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
নিজের সংসদীয় এলাকা তেজগাঁও-কাওরান বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সাইফুল আলম খান বলেন, “আমি তো আসলে চাঁদাবাজি এরিয়ার এমপি। আমাদের কাওরান বাজারে দৈনিক প্রায় দুই থেকে তিন কোটি টাকা কালেকশন হয়। কাওরান বাজারে কয়েকটা পাইকারি মুরগির দোকান আছে, তাদের কাছ থেকে মাসে ৬০ লাখ টাকা চাঁদা নেয়া হয়। এই চাঁদাবাজি যারা করে, ওপরে তারা রাজনৈতিক নেতা, ভেতরে চাঁদাবাজ। এটা আগের সরকারের লোকেরা করতো, এখন কারা করে তা আর এখানে বলছি না।”
জামায়াত এমপির দাবি প্রত্যাখ্যান বিএনপি নেত্রীর
জামায়াত এমপির এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান সংলাপে উপস্থিত বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা। তিনি বলেন, “এমপি সাহেব বলছেন তাঁর এলাকায় চাঁদাবাজি হচ্ছে এবং তিনি জানেন না কারা করছেন—এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। কারা চাঁদাবাজি করছে তার একটা স্পষ্ট তালিকা ওনার কাছে থাকা উচিত এবং এই তালিকা নিয়ে ওনার আইনের কাছে যাওয়া উচিত।”
তিনি আরও যোগ করেন, “টকশোতে বা গোলটেবিলে বসে আমরা কথা বলতেই পারি। কিন্তু যখন পাঁচটা সুনির্দিষ্ট নাম দিতে পারি না, সেটা তখন ঢালাও বক্তব্য হয়ে যায়। আমার সংসদীয় এলাকায় যারা চাঁদাবাজি করবে, সে সরকারি দল হোক বা বাইরের দল হোক, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো এবং আইনের আশ্রয় নেবো। তাই আমি জামায়াত এমপির এই দাবি প্রত্যাখ্যান করছি।”
‘পুলিশ সরকারি দলের লোকের বিরুদ্ধে মামলা নেয় না’
বিএনপি নেত্রীর চ্যালেঞ্জের জবাবে জামায়াতের এমপি সাইফুল আলম খান মিলন পাল্টা আক্রমণ করে বলেন, “আগেও সরকারি দলের লোকেরা চাঁদাবাজি করতো, এখনো সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করছে। আমার এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজির এলাকা হলো কাওরান বাজার। আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিজে চাঁদাবাজিতে জড়িত ছিলেন, তিনি আমার মহল্লার লোক, আমি সব পরিষ্কার জানি। এই কাওরান বাজারের চাঁদাবাজি কেন্দ্র করেই যুবদলের একজন নেতা মুসাব্বির নিহত হয়েছিলেন। বিএনপির এমপি মামলা করার কথা বলছেন; কিন্তু পুলিশ চাঁদাবাজি নিয়ে সরকারি দলের লোকের বিরুদ্ধে মামলাই নেয় না।”
সাইফুল আলম খান আরও জানান, কাওরান বাজার, মহাখালী বাসস্ট্যান্ড ও তেজগাঁও অঞ্চলের এই চাঁদাবাজি বন্ধে তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ্উদ্দিন আহমদের সঙ্গে কথা বলে সহযোগিতা চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে এই বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করার পরামর্শ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সংলাপে অন্যান্যদের উপস্থিতি
সংলাপে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক একে এনামুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি এবং নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-এর সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ।
অনুরূপ সংবাদ
সীমান্ত হত্যা বন্ধে সরকার ব্যর্থ, সীমান্তবাসীকে সংঘবদ্ধ হওয়ার ডাক নাসীরুদ্দীন পাটওয়ারীর
জামায়াতে যোগ দেওয়ায় বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বহিষ্কার
এমপি হওয়া বড় কথা নয়, মানুষের কল্যাণ করাই আমাদের লক্ষ্য: ডা. খালিদুজ্জামান
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে শিক্ষামন্ত্রীর কাছে ফাহাম আব্দুস সালামের ৩ দফা প্রস্তাব
নবজাতকের মৃত্যু, শেবাচিমে পরিস্থিতি থমথমে
৪৭ মিনিট আগে
প্রতিদিন সকালে আখরোট খাওয়ার উপকারিতা জেনে নিন
৫১ মিনিট আগে
কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে
১ ঘন্টা আগে
ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ দেওয়া ব্যক্তির পরিচয় মিলল
১৬ ঘন্টা আগে
ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ দেওয়া ব্যক্তির পরিচয় মিলল
১৬ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২ দিন আগে
কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে
১ ঘন্টা আগে