আইনশৃঙ্খলার চরম অবনতি, সুন্দরবনে হত্যা ও গ্রাফিতিতে বাধার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ
চট্টগ্রামে শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি (দেয়ালচিত্র) অঙ্কনের সময় নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সুন্দরবনে বন বিভাগের গুলিতে নিরীহ জেলে হত্যা এবং দেশজুড়ে ধারাবাহিক হত্যাকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৮ মে) দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ জানান।
‘জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করতে সরকার ব্যর্থ’
বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জুলাই বিপ্লবের পর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর সুন্দরবনে গুলিতে দেশের নাগরিকের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বর্তমান আইনশৃঙ্খলার সমালোচনা করে বলেন, “সাম্প্রতিক এই ঘটনাগুলোই প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা এবং জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাকে ধারণ না করার কারণেই মাঠপর্যায়ে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।”
চট্টগ্রামের ঘটনায় সরকারি দল ও প্রশাসনের ভূমিকা নিন্দনীয়
চট্টগ্রামের টাইগার পাস এলাকায় শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে অন্তরে ধারণ করে সাধারণ শিক্ষার্থীরা যখন দেয়ালে তা ফুটিয়ে তুলতে গিয়েছিল, তখন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের কর্মীদের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়। প্রশাসনের উচিত ছিল অত্যন্ত দায়িত্বশীল ও শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সামাল দেওয়া। তিনি এই অনাকাঙ্ক্ষিত ধস্তাধস্তির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দেশজুড়ে হত্যা ও সড়ক দুর্ঘটনার দীর্ঘ তালিকা
বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু লোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন অ্যাডভোকেট জুবায়ের। তিনি বলেন:
-
বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে নৃশংসভাবে হত্যা,
-
সুন্দরবনের হেলাতলী খালের ভেতরে বন বিভাগের গুলিতে গাবুরার জেলে আমিনুর রহমানের মৃত্যু,
-
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও সহকারীর করুণ মৃত্যু,
-
নোয়াখালীতে মাদরাসা শিক্ষকের মৃত্যু, শেরপুরে সংঘর্ষ এবং চকরিয়া ও ঝিনাইদহে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা,
-
মেঘনা ঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি এবং মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের ঘটনাগুলো ভুক্তভোগী পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি।
সরকার দায় এড়াতে পারে না
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রকৃত আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশ শাসন করায় সড়কে কোনো শৃঙ্খলা নেই এবং জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সড়কে ঝরে যাওয়া শত শত প্রাণের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না উল্লেখ করে তিনি প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান। একই সাথে সড়ক, জনপথ ও সুন্দরবনসহ দেশের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
এমপি হওয়া বড় কথা নয়, মানুষের কল্যাণ করাই আমাদের লক্ষ্য: ডা. খালিদুজ্জামান
শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে শিক্ষামন্ত্রীর কাছে ফাহাম আব্দুস সালামের ৩ দফা প্রস্তাব
চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি আঁকায় পুলিশের বাধা, ধস্তাধস্তি; ফেসবুকে ছাত্রদল নেতার তীব্র ক্ষোভ
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
১ দিন আগে