কারিনা কায়সারের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের আবেগঘন বার্তা
লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।
নাহিদ ইসলাম তার পোস্টে জানান, লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৫ মে) মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কারিনা কায়সারকে জুলাই বিপ্লবের রাজপথের সহযোদ্ধা হিসেবে স্মরণ করে নাহিদ ইসলাম লেখেন:
“জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর এই আপসহীন ও সাহসী অবস্থান আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, কারিনা কায়সারের এই আকস্মিক চলে যাওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে মহান আল্লাহ যেন তাদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন, সেই প্রার্থনাও করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের অধিকারের পক্ষে কথা বলা কারিনা কায়সারের এই অকাল প্রয়াণে তাঁর ভক্ত ও সহকর্মীদের মধ্যেও শোকের মাতম চলছে।