Wednesday, 22 April 2026

ব্রেকিং নিউজ:

জামায়াত আমীরের স্ত্রীকে কেন মনোনয়ন দেওয়া হলো না — বেরিয়ে এলো তথ্য

রাজনীতি April 21, 2026 07:04 PM ১৬৩ দর্শক
জামায়াত আমীরের স্ত্রীকে কেন মনোনয়ন দেওয়া হলো না — বেরিয়ে এলো তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে নীতিগত অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, এক পরিবারের দুজন সদস্যকে একসঙ্গে সংসদ সদস্য করা দলীয়ভাবে গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে জামায়াতের আমিরের স্ত্রী সংসদ সদস্য থাকলেও সেটি নিয়মতান্ত্রিকভাবে দলীয় নীতির বাইরে ছিল না। তবে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, একই পরিবারের দুইজনকে সংসদ সদস্য না করার নীতিই অনুসরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দলটির নারী শাখায় যোগ্য নেতৃত্বের কোনো ঘাটতি নেই। আমিরের স্ত্রীর বাইরেও অনেক অভিজ্ঞ ও সক্ষম নারী রয়েছেন, যাদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করা হয়েছে।

এদিকে মনোনয়ন জমা দেওয়ার পর কথা বলেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। তিনি জানান, দলীয় নেতৃত্বের অনুপ্রেরণায় তিনি প্রার্থী হয়েছেন এবং নির্বাচিত হলে সংসদে নারীদের অধিকার, বিশেষ করে সুবিধাবঞ্চিত নারীদের পক্ষে কাজ করতে চান।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন জমা শেষে তিনি বলেন, সংসদে গিয়ে তিনি ওই আন্দোলনে নিহতদের বিচার দাবি করবেন।

একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করলে বিভিন্ন দল থেকেও শহীদ পরিবার বা আহতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত।

অনুরূপ সংবাদ