শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেট, উপকৃত হবে লাখো শিক্ষার্থী
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই-ফাই’ সুবিধা চালু করা হবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের কারিগরি ও মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে। পাশাপাশি সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ধাপে ধাপে সব উপজেলায় ‘স্কুল ফিডিং’ বা মিড-ডে মিল চালু করা হবে। এছাড়া নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালুর পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে অ্যাগ্রিকালচার ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (ফ্লাটার), পাইথন প্রোগ্রামিং এবং ওয়েবভিত্তিক ডিজিটাল মার্কেটিং।